হরমুজ নিয়ে উত্তেজনায় সকলকে শান্ত থাকার আহ্বান চীনের

হরমুজ নিয়ে উত্তেজনায় সকলকে শান্ত থাকার আহ্বান চীনের

হরমুজ নিয়ে উত্তেজনায় সকলকে শান্ত থাকার আহ্বান চীনের।। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার রাতে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলো অবরোধ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধে আরোপের হুমকি দেওয়ার পর সৃষ্ট উত্তেজনার মধ্যে সব পক্ষকে সংযম প্রদর্শনের ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন।

গতকাল রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‘ইরানি বন্দরগুলো ও উপকূলীয় এলাকাগুলোতে প্রবেশ করতে থাকা ও সেখান থেকে বের হতে থাকা সব দেশের সব ধরনের সামুদ্রিক জলযানের ক্ষেত্রে এ অবরোধ কার্যকর হবে।’

সোমবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন মার্কিন অবরোধে হুমকি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, হরমুজ প্রণালির গুরুত্বপূণর্ জলপথকে নিরাপদ, স্থিতিশীল ও বাধাহীন রাখা বিশ্ব সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করে। চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো অস্থায়ী যুদ্ধবিরতি ব্যবস্থা মেনে চলবে, বিরোধ নিষ্পত্তিতে রাজনৈতিক ও কূটনতিক উপায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আর শত্রুতা ফের শুরু করা এড়াবে।

গুও আরও বলেন, এই সমস্যা সমাধানে ‘একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে’ চীন প্রস্তুত হয়ে আছে। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তা উত্তেজনা প্রশমণে সহায়ক বলে মন্তব্য করেছেন তিনি। চীন ইরানে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে, প্রকাশিত এমন প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করে সেগুলোকে ‘ভিত্তিহীন অপবাদ’ বলে মন্তব্য করেছেন তিনি।

মার্চে চীন ও পাকিস্তান ইরান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি আলোচনার প্রতি সমর্থন জানিয়েছিল। তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছিল।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশের তীব্র সমালোচনা করেছেন। জবাবে পোপ বলেছেন, তিনি শান্তি স্থাপনকারী, কোনো রাজনীতিবিদ নন। 

আলজেরিয়া সফরের আগে সাংবাদিকদের পোপ বলেন, ট্রাম্প প্রশাসনকে আমার কোনো ভয় নেই, কিংবা সুসমাচারের বাণী উচ্চস্বরে প্রচার করতেও আমার কোনো ভয় নেই, যা করার জন্যই আমি এখানে এসেছি বলে আমি বিশ্বাস করি, যা করার জন্যই গির্জা এখানে রয়েছে।