যশোরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
সংগৃহীত ছবি
যশোরে সঙ্গীত, নৃত্য ও আনন্দ শোভাযাত্রাসহ জাঁকজমকপূর্ণ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪৩৩-কে বরণ করে নেওয়া হয়েছে। সকাল ৬টা ৩১ মিনিটে যশোর পৌর উদ্যানে উদীচী যশোরের আয়োজনে ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে জেলায় বর্ষবরণের আনুষ্ঠানিক সূচনা হয়।
একই সময়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নবকিশলয় স্কুল মাঠ ও মুসলিম একাডেমিসহ শহরের প্রায় ২০টি স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে কবিগান, পালাগান, পঞ্চকবির গান, লোকসঙ্গীত, লোকনৃত্য ও বাউল গান পরিবেশিত হয়।
বর্ষবরণের প্রধান আকর্ষণ হিসেবে সকাল ৯টায় যশোর টাউন হল মাঠ থেকে একটি সম্মিলিত আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এবারের আনন্দ শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল নতুন ভোরের বার্তাবাহক ‘মোরগের’ একটি বিশালাকৃতির রেপ্লিকা। এছাড়া লোকজ ঐতিহ্যের অংশ হিসেবে বড় বড় পুতুল, বিভিন্ন প্রাণীর রঙিন মুখোশ ও গ্রামবাংলার চিরায়ত নানা অনুষঙ্গ প্রদর্শন করা হয়।