ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো।

মঙ্গলবার সকালে পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদ এবং পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ছিল বর্ণিল মুখোশ, প্যাঁচা, মাছসহ গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যবাহী উপস্থাপনা। পাশাপাশি লাঠিখেলা ও সাপখেলা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

পরে ফারুকী পার্কে অনুষ্ঠিত হয় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, এবারের বৈশাখী উৎসব হচ্ছে ফ্যাসিস্ট ও দোষর মুক্ত উৎসব। আমাদের যে বাংলা সংস্কৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সংস্কৃতিকে নষ্ট করার জন্য একটি গোষ্ঠি চেষ্ঠা চালাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।   

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, পুলিশ সুপার শাহ মুহাম্মদ আব্দুর রউফ, জেলা জামায়াতের আমীর মাওলানা মোবারক হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে আনন্দ-উৎসব আর বাঙালিয়ানা একসাথে ধ্বনিত হয়।