অতিক্ষুদ্র-মাঝারি শিল্পের প্রতিনিধিত্ব করবে সরকার: তিতুমীর
ছবি: সংগৃহীত
সরকার অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা) রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, আমরা এই শিল্পগুলোর প্রতিনিধিত্ব করবো। তাদের পাশে দাঁড়াবে সরকার।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) ব্যাংকিংখাতের সমন্বয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
রাশেদ আল মাহমুদ বলেন, ব্যাংকগুলোকে একটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ কত দেওয়া যাবে। আমরা ইশতেহারে বলেছি, বন্ধ শিল্প কারখানা চালু করবো। যেগুলোর অবস্থা খারাপ, সেগুলোর প্রাণ দেওয়া হবে। আগে ছিল এটি নির্বাচনি ইশতেহার, এখন এটি জাতীয় এজেন্ডা। আমরা বন্ধ কল কারখানা চালু করতে চাই।
তিতুমীর বলেন, আমরা ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি হাতে নিয়েছি। এখন পদে পদে বাধা রয়েছে, সেটি কাটিয়ে ভালোর দিকে যেতে হবে। আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের কোনো হাত নেই। আমরা জনগণের প্রতি দায়বদ্ধ সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ডিজেলের দাম বাড়ালে কৃষকের খরচ বেড়ে যাবে। আগের সরকার ইউক্রেন যুদ্ধের সময় গ্যাসের দাম বাড়িয়েছিল। কারণ ওই সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। আমরা কোনো তেলের দাম বাড়াইনি এবং জনগণের দায়বদ্ধতা নিয়ে চলছি।
রাশেদ আল মাহমুদ বলেন, আগের সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল, আপনারাও (ডিসিসিআই) তখন উন্নয়নের বয়ান গাইছিলেন। আমরা এসএমই খাতে অনেক পদক্ষেপ নেবো আগামী বাজেটে। আমরা ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ দেখতে চাই এবং সরকার তাদের পাশে থাকবে। তিনি বলেন, উদ্যোক্তাদের নিয়ে প্রধানমন্ত্রী নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নানাভাবে উৎসাহ দিচ্ছেন। সরকার তাদের পাশে থাকবে।
উপদেষ্টা বলেন, কৃষক হলো পাঁচ প্রকার। সবাইকে কৃষক কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড থেকে কেউ বাদ পড়বে না, কেউ নেবে নাকি নেবে না সেটা তার ব্যাপার। তবে সরকার সব কৃষককে কৃষি কার্ড দিতে চায়।
সভায় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র নির্বাহী পরিচালক মো. জাহিদুল ইসলাম ও সিটি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আশহানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার ও ডিসিসিআই সাবেক সভাপতি রেজওয়ান রহমান উপস্থিত ছিলেন।