বালু নদীতে সেতু নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার

বালু নদীতে সেতু নির্মাণের দাবি দিপু ভূঁইয়ার

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত সেতু দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে দিপু ভূঁইয়া  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মনোনয়ন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাকে নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য রূপগঞ্জবাসীর প্রতিও ধন্যবাদ জানান।

তিনি বলেন, রূপগঞ্জের মানুষের দীর্ঘদিনের একটি দাবি হলো বালু নদীর ওপর একটি সেতু নির্মাণ। কিন্তু নানা কারণে প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র আটটি পিলার নির্মাণের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে আছে।

সংসদ সদস্য বলেন, সেতুটি নির্মাণ হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত আরও সহজ হবে। এতে সময় বাঁচবে, যানজট কমবে এবং সবচেয়ে বেশি উপকৃত হবে রূপগঞ্জের সাধারণ মানুষ।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রকল্পটি পুনরায় চালু করে বাস্তবায়নের জোর দাবি জানান।