গোপালগঞ্জে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক নিয়ে কর্মশালা
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)’ শীর্ষক প্রকল্পের উন্নয়নমূলক কাজ এবং এডিবি অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়নে (এলজিইডি) দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কমিউনিটি অর্গানাইজারদের অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) দুই দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)’ প্রকল্পের আওতায় ‘জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক অবকাঠামো’ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জ এ কর্মশালার আয়োজন করে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।
নির্বাহী প্রকৌশলী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজ আরও টেকসই ও দীর্ঘস্থায়ী করার বিষয়ে আলোচনা করেন। তিনি প্রকল্পের কাজ আরও গতিশীল করতে প্রতিকূলতা নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ ও সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম, সহকারী প্রকৌশলী ক্রিলিক অর্পণ পাল এবং ট্রেনিং কোঅর্ডিনেটর মো. মনিরুল ইসলাম।
কর্মশালার প্রথম দিনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জের পাঁচ উপজেলার মোট ২০ জন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সেশনে ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।