ভারতে ২৪ ঘন্টায় ৪ হাজারের বেশি মৃত্যু
ভারতে ২৪ ঘন্টায় ৪ হাজারের বেশি মৃত্যু
লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে ভারতের করোনা সংক্রমণ। বেশ কয়েক দিন দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাখের নিচে। কিন্তু ভোলবদলে যে ভাইরাসটি আরো প্রাণঘাতী হয়ে উঠেছে, তার প্রমাণ মিলছে প্রতিপদে। কারণ গতবছরের তুলনায় এবার দৈনিক মৃতের সংখ্যা অনেকটাই বেশি। শুক্রবারের পর শনিবারের রিপোর্টও বেশ উদ্বেগজনক।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৪ হাজার ৩৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এক দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ২ জন।
দৈনিক মৃত্যু হঠাৎ করে বেশি হলেও, দেশের সংক্রমণের হার নিয়ন্ত্রণেই রয়েছে। গত পাঁচ দিন ধরেই দেশের সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রয়েছে। দেশে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় মাস ধরেই তা ধারাবাহিকভাবে কমছে। কমতে কমতে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ১১ লাখের নিচে নেমেছে।
মে মাসে কিছু কম হলেও, জুনের শুরু থেকেই গতি পেয়েছে দেশের করোনা টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজারেরও বেশি জন। এ নিয়ে দেশে মোট টিকা দেয়া হয়েছে ২৪ কোটি ৯৬ লাখেরও বেশি।
সূত্র : সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার