ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় পথচারী নিহত
প্রতিকী ছবি
বরিশালের গৌরনদীতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় মো. ইউনুস (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক শরীফ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ইউনুস ঢাকা-বরিশাল মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী ফ্রেম পরিবহন তাকে চাপা দেয়। এ সময় বাসচালক ও হেলপার পালিয়ে যান। ইউনুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চাপা দেয়া বাসটিকে জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপ-পরিদর্শক শরীফ।