নন্দীগ্রামে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মহাসড়কের ওপর এক নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দ্রুতগতির কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
দীর্ঘক্ষণ সড়কে পড়ে থাকায় পরবর্তী সময়ে আরও বেশ কিছু গাড়ি মরদেহের ওপর দিয়ে চালিয়ে যাওয়ায় শরীরটি ক্ষতবিক্ষত ও ছিন্নভিন্ন হয়ে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। শরীর ও মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে