মোহাম্মদপুরে বিশেষ অভিযান, বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৭৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযান, বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৭৫

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রবিবার (১৯ এপ্রিল) রাতে ব্লক রেইড দিয়ে বেশ কজনকে আটক করেছে পুলিশ। ব্লক রেইড দেওয়ার পাশাপাশি  অপরাধপ্রবণ মোহাম্মদপুরের সাদেক খান কাঁচাবাজার, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান, জাফরাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকার অলি গলিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঢুকে সাধারণ মানুষকে নিরাপত্তার আশ্বাস দেন।

পুলিশ জানায়, রবিবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে এই অভিযান শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে। অভিযানে মোহাম্মদপুর থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৬৬ জন সদস্য অংশ নেন।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘অভিযানে থাকা পুলিশ সদস্যদের অনেকেই এই এলাকায় নতুন দায়িত্ব পেয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় মনোবল বাড়ানো এই অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল।’

রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় মোহাম্মদপুর থানার এসআই মুকিদুল কালের কণ্ঠকে জানান, ‘বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ১০-১২ জনকে আটক করে আনা হয়েছে। আরো আটক রয়েছে তাদেরকে থানায় আনা হচ্ছে।

’ তবে কতসংখ্যক আটক হয়েছে তাৎক্ষণিকভাবে এ কর্মকর্তা জানাতে পারননি।

এদিকে রাত ছাড়াও রবিবার দিনে রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলানগর, হাতিরঝিল ও শাজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ডিএমপি মিডিয়া থেকে জানানো হয়, রবিবার রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে পুলিশ। এতে মোহাম্মদপুর থানায় ১৬ জন, শেরেবাংলা নগর থানায় সাতজন, আদাবর থানায় পাঁচজন, তেজগাঁও থানায় দুজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চারজন ও হাতিরঝিল থানায় ২০ জন ও শাজাহানপুর থানা এলাকা থেকে ২১ জন গ্রেপ্তার করা হয়েছে।

পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপি থেকে জানানো হয়।