শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি: টাকা ও ট্রাক উদ্ধার, গ্রেফতার দুই

শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি: টাকা ও ট্রাক উদ্ধার, গ্রেফতার দুই

প্রতিকি ছবি

মাদারীপুরের শিবচরের নাওডোবা থেকে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে লুট হওয়া ট্রাক, নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়েতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ৭৫ ব্যারেল পাম অয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ট্রাক চালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। পথে নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় ডাকাতদের হামলায় চালক ও হেলপারের আহত হন। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের পর পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযান শুরু হয়। পুলিশ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁও, নরসিংদী ও কুমিল্লায় অভিযান চালায়। পরে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। অভিযানে লুট হওয়া ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা ছাড়াও বাংলাদেশ পুলিশের চারটি সাউন্ড গ্রেনেড, তিনটি টিয়ার গ্যাস, একটি ব্যাটন ও একটি হেলমেট উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন কাদের জানান, ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামাল ও গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।