রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী

রংপুরে শুরু হাম-রুবেলা টিকাদান, নতুন শনাক্ত ২৩ রোগী

সংগৃহীত ছবি

রংপুর সিটি কর্পোরেশন ও জেলার ৮ উপজেলায় একযোগে হাম-রুবেলার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। 

সোমবার সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।

এদিকে নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গাউসুল আজম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে টিকা প্রদান বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এ সময় সিভিল সার্জন ডা. শাহীন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১০ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে রংপুরের ৮ উপজেলায় ২ লাখ ৫৬ হাজার ৩৭১ জন এবং সিটি কর্পোরেশন এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন—মোট প্রায় ৩ লাখ ৩৫ হাজার শিশুকে (৬ মাস থেকে ৫৯ মাস বয়সী) টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন শনাক্ত ২৩ রোগী

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ২৩ জন রোগী শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, এর মধ্যে লালমনিরহাট জেলা হাসপাতালে ১০ জন, দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছে।

গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগে মোট ৬৭০ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।