ঠাকুরগাঁওয়ে নদীর পাড় কেটে বিক্রি, হুমকিতে সেতু ও আবাদি জমি
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে বিক্রি করছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এতে চরম হুমকির মুখে পড়েছে আশপাশের আবাদি জমি ও ভূল্লীবাঁধ সেতু। এসব মাটি রাস্তার কাজে চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিন দেখা গেছে, ভূল্লী নদীর বাঁধ সেতু থেকে ১০০-১৫০ গজ দূরে নদীর পাড়ের মাটি কেটে তিনটি ট্রাক্টরে ভর্তি করা হচ্ছে। তড়িঘড়ি করে মাটিগুলো নিয়ে যাওয়া হচ্ছে নদীর পূর্ব পাশের খোলা মাঠে। সেখানে মাটির স্তুপ করে তা বিক্রি করা হচ্ছে রাস্তার কাজ ও বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য।
ঘটনাস্থলে থাকা ট্রাক্টর চালক শহিদুল জানান, নূরে আলম নামের এক যুবকের নির্দেশেই এভাবে মাটি কাটা হচ্ছে। এসব মাটি চলমান রাস্তার কাজে বিক্রি করা হয়। তবে নিজের কাজটাকে অন্যায় বলে স্বীকার করে তিনি বলেন, ‘এটা আমাদের অন্যায় হয়েছে।’
স্থানীয়রা বলছেন, ওই স্থানে নদীর পাড় কেটে মাটি তোলা হলে সামান্য বন্যাতেই বাঁধের সেতু ও আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়বে। এ ছাড়া আবাদি জমিতে নদীর পানি অনায়াসে ঢুকে ফসল নষ্ট হবে। তাদের দাবি, প্রভাবশালী যে-ই হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, ‘নদীর পাড় যারা কাটছে, তাদের বিরুদ্ধে খোঁজ নিয়ে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে এসিল্যান্ডকে পাঠানো হয়েছে।’