রোমাঞ্চকর জয়ে সিরিজ শুরু টাইগ্রেসদের
ছবি: সংগৃহীত
রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছেন টাইগ্রেসরা। ম্যাচটি একাধিকবার মোড় পরিবর্তন করলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছেন স্বাগতিকরা।
সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ করেন তারা।
দলের হয়ে হানসিমা করুনারত্নে ৫৪ এবং ইমেশা দুলানি ৫২ রান করেন। এছাড়া, কাভিশা দিলহারি ৩০, অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ এবং কাউসিনি নাথইয়াঙ্গানা ১৮ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিতু মনি ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মধ্যেই হারায় ৩ উইকেট। ওপেনার শারমিন সুলতানা, জুয়াইরিয়া ফেরদৌস এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে দল। এই পরিস্থিতিতে হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। তাদের ৮৭ রানের জুটি ম্যাচে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর ভিত্তি এনে দেয়।
সোবহানা মোস্তারি ৪১ রান করে ইনজুরির কারণে মাঠ ছাড়লেও শারমিন আক্তার দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নেন। পরে স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান তিনি। শারমিন ১২৭ বলে ১৩টি চারে ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলেন, যা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।
তবে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে হঠাৎই নাটকীয় ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২ রানের ব্যবধানে শারমিন, স্বর্ণা, রাবেয়া ও রিতু মনি আউট হয়ে গেলে সহজ সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়। শেষ দিকে শ্রীলঙ্কার বোলাররা চাপে ফেলে দেন বাংলাদেশকে।
শেষ তিন ওভারে যখন জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫ রান, তখনও ম্যাচে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৯ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। সিরিজের বাকি দুই ম্যাচও রাজশাহীতে হবে। দ্বিতীয় ম্যাচ আগামী ২২ এপ্রিল এবং তৃতীয় ওয়ানডে ২৫ এপ্রিল হবে।