এসএসসি পরীক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসার দাখিলে

এসএসসি পরীক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসার দাখিলে

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এবার সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, বেড়েছে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থী।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। ফলে ২০২৫ সালের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে ৭০ হাজার ৮৩৭ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন। ২০২৬ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ২০ মে শেষ হবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে তিন লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারা দেশে মোট তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। 

গত বছরের তুলনায় চলতি বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমলেও মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বোর্ড থেকে গত বছর দুই লাখ ৮৬ হাজার ৫৭২ জন পরীক্ষায় অংশ নিলেও এবার অংশ নিচ্ছে তিন লাখ চার হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে।

এ বোর্ডে রয়েছে তিন লাখ ৬৬ হাজার ৬৫০ পরীক্ষার্থী।

পরবর্তী এসএসসি পরীক্ষা এ বছরই নেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন করা হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়েছে। কোর্স শেষ হওয়ার কথা ডিসেম্বরে। যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে আমি শিক্ষার্থীদের জীবনের একটা বছর কেন নষ্ট করব?’ তবে স্পষ্ট করে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বলেননি তিনি।

তাহলে আগামী এসএসসি পরীক্ষাটি কি ডিসেম্বরে হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রতিটি পরীক্ষা যে সময়ে হয়, সেই সময়ে হবে। প্রতিটি পরীক্ষার কোর্স শেষ হবে ডিসেম্বরের মধ্যে, পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে, লাউড অ্যান্ড ক্লিয়ার।’

এপ্রিলে ঘোষণা দিয়ে ডিসেম্বরে পরীক্ষা, কোর্স শেষ করা সম্ভব কি না—জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। যেটুকু ব্যত্যয় ঘটেছে, সে জন্য ক্লাস সপ্তাহে ছয় দিন নেওয়া হচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।