ঢাবি সাংস্কৃতিক সংসদের বর্ষবরণ আজ
সংগৃহীত ছবি
বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে উঠতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ইম্পেরিয়াল নিবেদিত বর্ষবরণ উৎসব ১৪৩৩’ শীর্ষক এ আয়োজন আজ মঙ্গলবার টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক কালের কণ্ঠ।
গতকাল ঢাবি সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এই উৎসবে থাকছে লোকজ মেলা, বৈশাখী ঐতিহ্যবাহী আয়োজন, ফানুস উৎসব এবং সাংস্কৃতিক পরিবেশনা।
মেলায় গ্রামীণ আবহে সাজানো স্টলগুলোতে বৈশাখী পোশাক, অলংকার, হস্তশিল্প ও দেশীয় খাবারের সমাহার থাকবে। এ ছাড়া নাগরদোলা, পুতুলনাচ, বায়োস্কোপ ও পুঁথিপাঠের মতো চিরায়ত সাংস্কৃতিক উপস্থাপনাও থাকছে।
অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের।
মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
অনুষ্ঠানে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জি ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইম্পেরিয়াল হেলথকেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান।
আলোচনা পর্ব শেষে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সদস্যরা পরিবেশন করবেন বিভিন্ন পরিবেশনা।
পরে মঞ্চে উঠবে ব্যান্ড ‘বন্দিশ’। সব শেষে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর কনসার্টের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।