কুমিল্লায় অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার চার
ফাইল ছবি
কুমিল্লায় অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি এবং দুজন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ২০ এপ্রিল রাতে র্যাব-১১ সিপিসি-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিন কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর আগে একই দিন সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে নগরীর টমছমব্রিজ ও সদর উপজেলার রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিল।
মেজর সাদমান ইবনে আলম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।