লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু।। ছবিঃ সংগৃহীত।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট উপজেলার মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাকিনায় নানা বাড়িতে বসবাস করছিলেন।
কাকিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলী জানান, দুপুরে বাড়ির পাশে সুপারি পাড়তে গাছে ওঠেন সম্রাট। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে থাকা গরুর ঘরের টিনের চালে পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।