হাজারীবাগে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ মাহাদীনগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক অটোরিকশা চালক। হামলাকারীরা তাকে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মনির মান্নাকে (৩৫) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের খালাতো ভাই সাগর জানান, মাহাদীনগর এলাকায় রাব্বি নামের এক ব্যক্তিসহ ৩-৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তারা তার কাছে থাকা অটোরিকশা, মোবাইল ফোন ও গলার চেইন নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠ ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মনির মান্নার বাসা হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায়।