বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিকি ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শুকুর আলী বিশ্বাসের ছেলে মো. নাছিরউদ্দীন বিশ্বাস (৪৬) ও মো. রসুল বিশ্বাস (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে নাছিরউদ্দীন বিশ্বাসের ঘর থেকে ১০২ পিস এবং রসুল বিশ্বাসের ঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।