ইবির বৈছাআ নেতার 'ইয়াবা সেবন' সদৃশ ছবি ভাইরাল
ছবি: প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিনের 'ইয়াবা সেবন' সদৃশ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ক্যাম্পাস জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এই ছবিকে অভিনয় বলে দাবি করেন সেই নেতা।
রবিবার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে “৩৬ দিনে খু'নি হাসিনা ভারতে পালিয়েছিল, ৩৬ ঘন্টাও লাগবেনা লন্ডনে পালাতে” ক্যাপশনে মুবাশ্বির আমিনের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উক্ত ভিডিওর কমেন্টে এই ছবি শেয়ার করেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হাফিজ। এতে ইবির বৈবিছাআ'র সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিনের মুখে একটি মাদক সেবনের দ্রব্য, হাতে লাইটার ও কাগজ দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুবাশ্বির আমিন বলেন, ‘২০২৩ সালের শেষের দিকে সেকেন্ড ইয়ারে পড়াকালীন শহীদ জিয়া হলে একটি অভিনয়ের দৃশ্য থেকে তোলা ছবিকে বিকৃতভাবে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এটি কোনো মাদকসংক্রান্ত বিষয় নয় বরং র্যাগিং সংস্কৃতির অংশ হিসেবে করা একটি অভিনয় ছিল। অতীতে এ ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে প্রক্টরের কাছে অভিযোগ দিব।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি একটি পক্ষ ভুয়া ছবি ব্যবহার করে আমার চরিত্রহননের অপচেষ্টা চালাচ্ছে। জুলাইয়ের পর থেকে বিষয়টি নিয়ে আমাকে চাপ দেওয়া হলেও আমি গুরুত্ব দেইনি। তবে এখন এ অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিজের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কাছে দাবি জানাবো।’