নাঙ্গলকোটে কালবৈশাখীর তাণ্ডবে মাদ্রাসা ভবন বিধ্বস্ত, পাঠদান ব্যাহত

নাঙ্গলকোটে কালবৈশাখীর তাণ্ডবে মাদ্রাসা ভবন বিধ্বস্ত, পাঠদান ব্যাহত

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা মহিলা দাখিল মাদ্রাসার একটি টিনশেড ভবন কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ওই টিনশেড ভবনের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে ভবনের তিনটি শ্রেণিকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টিনের চালা ও দেয়াল ভেঙে পড়ায় বর্তমানে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

মাদ্রাসাটির দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান নিহা জানায়, ঝড়ের সময় হঠাৎ একটি বড় গাছ ভবনের ওপর পড়ে। এতে শ্রেণিকক্ষগুলো ভেঙে যায়। এখন তারা পাঠদানে চরম ভোগান্তিতে পড়েছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানায় সে। 

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ টিনশেড ভবনের পরিবর্তে দ্রুত একটি স্থায়ী ও নিরাপদ ভবন নির্মাণ করা জরুরি, যাতে শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিক রাখা যায়।

মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুল হক বলেন, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে টিনশেড ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবনটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটির বিষয়ে একটি আবেদন পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।