ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন
সংগৃহীত ছবি
মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় ছাগলকাণ্ডের আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।
ডেপুটি অ্যার্টনি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল বলেন, দুর্নীতির অভিযোগে মানি লন্ডারিংয়ের মামলায় ছাগলকাণ্ডের আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে হাইকোর্ট গত ২৩ এপ্রিল জামিন দিয়েছিলেন। ইমরানের জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছে। আগামী সপ্তাহে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে।
২০২৪ সালের কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার।
২০২৫ সালের ৩ মার্চ সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি থেকে বলা হয়, ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।