শ্রীলঙ্কায় গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
শ্রীলঙ্কায় গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার।। ছবিঃ সংগৃহীত।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজির বেশি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির পুলিশ। দক্ষিণ এশিয়ার এই দেশে গাঁজা অবৈধ এবং এটি ওই বিমানবন্দরে এ পর্যন্ত সবচেয়ে বড় মাদক জব্দের ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, ওই ভিক্ষুরা থাইল্যান্ড থেকে দেশে ফিরছিলেন। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ডেইলি নিউজের খবরে বলা হয়, বিমানবন্দরে তাদের প্রত্যেকের স্যুটকেসে ৫ কেজির (প্রায় ১১ পাউন্ড) বেশি করে গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের অভিযোগ, বিশেষভাবে তৈরি করা ব্যাগের ভুয়া তলার ভেতরে এসব মাদক লুকানো হয়েছিল।
লঙ্কান সরকারের অফিসিয়াল নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৩ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি (প্রায় ১.১ বিলিয়ন বা ১১০ কোটি রুপি)।
ডেইলি নিউজের তথ্য অনুযায়ী, এই প্রথমবারের মতো কোনো বৌদ্ধ ভিক্ষুকে অবৈধ মাদক বহনের অভিযোগে বিমানবন্দর থেকে আটক করা হলো। শ্রীলঙ্কার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণদের নিয়ে গঠিত এই দলটি গত ২২ এপ্রিল স্পন্সরের দেওয়া টিকিটে থাইল্যান্ডে গিয়েছিল।
শ্রীলঙ্কার পুলিশ নারকোটিক্স ব্যুরো খতিয়ে দেখছে, এই চোরাচালান কার্যক্রম স্থানীয় কোনো মাদক চক্রের সঙ্গে যুক্ত কি না। আটক ভিক্ষুদের পরবর্তী আইনি কার্যক্রম ও তদন্তের জন্য নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হবে।
মাদকসংক্রান্ত অপরাধে শ্রীলঙ্কায় কঠোর শাস্তির বিধান রয়েছে ও বিমানবন্দরগুলোতে অবৈধ পণ্য শনাক্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। সেখানে মাদক অপরাধে গ্রেফতার হলে অনির্দিষ্টকাল অভিযোগ ছাড়াই আটক রাখা হতে পারে ও দোষী সাব্যস্ত হলে দীর্ঘ কারাদণ্ড হতে পারে।
সূত্র: সিএনএন