উচ্চশিক্ষায় পরিবর্তন আনতে হিট প্রকল্পে গুরুত্ব বাড়ানোর আহ্বান

উচ্চশিক্ষায় পরিবর্তন আনতে হিট প্রকল্পে গুরুত্ব বাড়ানোর আহ্বান

ছবি: প্রতীকী

দেশের উচ্চশিক্ষা খাতের প্রকৃত চাহিদা এবং সরকারের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব সংশোধনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউজিসি ভবনে হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংকের চতুর্থ সহায়তা মিশনের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান, কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ স্বীকৃতি কাউন্সিলের সচিব প্রফেসর এ কে এম মুনিরুল ইসলাম, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের বড় সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, প্রকল্পের উন্নয়ন প্রস্তাব সংশোধনের জন্য পরিকল্পনা কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা প্রয়োজন, যাতে কাজটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়।

তিনি আরো বলেন, এই প্রকল্প দেশের উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে প্রস্তুত করতে প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন জরুরি।

প্রকল্পের মেয়াদ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে এবং মেয়াদ বৃদ্ধি না করে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামান বলেন, প্রকল্পের অনর্জিত লক্ষ্য অর্জন এবং বরাদ্দকৃত অর্থের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ইউজিসির সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের গতি আরো বাড়াতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন, নারী ক্ষমতায়নে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নেটওয়ার্ক গঠন, গুণগত মান নিশ্চয়তা সেল শক্তিশালী করা এবং ই-বুক সংগ্রহসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আগামী জুন মাসে হিট প্রকল্পের মধ্যমেয়াদি মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্বব্যাংক তৃতীয় সহায়তা মিশনের সভায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ বলে মূল্যায়ন করেছিল। উচ্চশিক্ষা খাতে পূর্ববর্তী প্রকল্পের ধারাবাহিকতায় ইউজিসি এ উদ্যোগ বাস্তবায়ন করছে।