১৮ বছর বয়সেই ইংল্যান্ড বিশ্বকাপ দলে কোলম্যান

১৮ বছর বয়সেই ইংল্যান্ড বিশ্বকাপ দলে কোলম্যান

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক ১৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিলি কার্টিন কোলম্যান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছেন তিনি।

১৮ বছর বয়সী টিলি বর্তমানে কাউন্টি ক্রিকেটে সারে এবং দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের স্কোয়াডে রয়েছে। মাত্র ১৬ বছর বয়সেই ৪ বলে ৪ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সর্বশেষ মৌসুমে দ্য হান্ড্রেডে মাত্র ৬.৮৬ ইকোনমিতে ১৭ উইকেট শিকার করে নির্বাচকদের নজর কাড়েন এই তরুণ তুর্কি। অভিজ্ঞ সোফি একলেস্টোনের সাথে ইংলিশ স্পিন আক্রমণে তিনি বড় ভরসা হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপে ইংল্যান্ড দলের নেতৃত্বে থাকছেন ন্যাট সিভার-ব্রান্ট এবং সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন চার্লি ডিন। দলে ফিরেছেন পেসার ইস ইয়ং এবং লরেন ফিলার। অন্যদিকে ড্যানি হোয়াইট-হজ তার অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছেন। তবে আঙুলের চোটের কারণে কপাল পুড়েছে তারকা স্পিনার সারা গ্লেনের।

আগামী ১২ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক হিসেবে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক), চার্লি ডিন (সহ-অধিনায়ক), অ্যামি জোন্স (উইকেটরক্ষক), হেদার নাইট, সোফিয়া ডাঙ্কলি, ড্যানি হোয়াইট-হজ, অ্যালিস ক্যাপসি, ফ্রেয়া কেম্প, ড্যানিয়েল গিবসন, লিনসে স্মিথ, সোফি একলেস্টোন, লরেন বেল, লরেন ফিলার, ইস ইয়ং এবং টিলি কর্টিন-কোলম্যান।