হাতিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

হাতিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মো. সাকিব উদ্দিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের আবদুল হকের ছেলে। তিনি কলেজশিক্ষার্থী ছিলেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল সোমবার রাতে সাকিব বিষ পান করলে বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারেন। পরে দ্রুত তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত আনুমানিক আড়াইটর দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, বিদেশে যাওয়ার কথা বলে পরিবারের কাছে ১০ লাখ টাকা চেয়েছিলেন সাকিব। টাকা না দেওয়ায় পরিবার সদস্যদের ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এ ঘটনা ঘটে। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।