বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

ফাইল ছবি

‘উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি' এই প্রতিপাদ্যেকে ধারণ করে বগুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞানভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্পগুলো প্রদর্শন করছে। উদ্বোধনের পর প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবন নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রাকৃতিক সম্পদে সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বিশাল জনসংখ্যা। এই জনসংখ্যাকে বিজ্ঞানভিত্তিক মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশ এগিয়ে যাবে। তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।