নকল শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

নকল শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

প্রতিকি ছবি

 নড়াইলের কালিয়ায় নকল শিশু খাদ্য উৎপাদনের দায়ে কারখানা মালিককে জরিমানার পাশাপাশি ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কালিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশের সমন্বয়ে গঠিত টিম অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস, জেলি ও চকলেটজাত শিশু খাদ্য তৈরি এবং বাজারজাতের প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ ঘটনায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।