বগুড়ায় ৮০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
প্রতিকি ছবি
বগুড়ায় একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ রবিউল ইসলাম (২৫) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে সদরের ঠেঙ্গামরা এলাকা বগুড়া-রংপুর মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার রবিউল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামানো হয়। ওই ট্রাকে তল্লাশি করে ট্রাকের ভেতরে বালুর নিচে বিশেষভাবে লুকানো তিনটি প্লাস্টিকের বস্তায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকটি জব্দ করে ওই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের উৎস ও এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।