গেইল-ওয়াটসনের স্মৃতি ফেরালেন কোহলি
সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসনের স্মৃতি ফেরালেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
বৃহস্পতিবার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। গুজরাট টাইটান্সের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার শর্ট ডেলিভারি মিড-উইকেট দিয়ে চার মেরে ওভারটি শুরু করেন কোহলি।
পরের বলটি মিড-অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠান তিনি। তৃতীয় বলটি ছিল অফ স্টাম্পের বাইরে, এবার স্কয়ার ড্রাইভে চার ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে। চতুর্থ বলটিও অফ স্টাম্পের বাইরে করেন রাবাদা। এবার শুধু ব্যাট পেতে দেন কোহলি, টাইমিং হয় দারুণ, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি ফিল্ডার।
পঞ্চম বলটি আবার অফ স্টাম্পের বাইরে পেয়ে এক্সট্রা কাভার দিয়ে চার মারেন কোহলি। শেষ বলটিতে রান নিতে পারেননি তিনি।
বেঙ্গালুরুর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভারে পাঁচ বা এর বেশি চার মারলেন কোহলি। পাঁচটি করে চার মেরেছিলেন ক্রিস গেইল ও শেন ওয়াটসনও। যদিও এই দুজনের কেউই কোহলির মতো টানা পাঁচ বলে চার মারতে পারেননি।
২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ওই নজির গড়েন গেইল। ইনিংসের দ্বিতীয় ওভারে ইশ্বর পান্ডের প্রথম চারটি ও শেষ বলে চার মারেন তিনি। ওই ম্যাচে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের টর্নেডো ইনিংস খেলেন ক্যারিবিয়ান গ্রেট, এখনও যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড।
২০১৬ আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ওভারে পাঁচটি চার মারেন ওয়াটসন। চতুর্দশ ওভারে থিসারা পেরেরার প্রথম তিন ও শেষ দুই বলে বাউন্ডারির দেখা পান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
গেইল ও ওয়াটসনের স্মৃতি ফেরানোর দিনে প্রথম ১০ বলে কোহলি করেন ২৮ রান। নিজের পরের ওভারে বোলিং এসে তাকে ফিরিয়ে ‘প্রতিশোধ’ নেন রাবাদা।
পাঁচ চার ও এক ছক্কায় ১৩ বলে ২৮ রান করেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।