ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক কারবারি আটক

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫৩-৩৬৫৫) জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রতন খাঁ (৩৬), রনি মিয়া (২২) এবং মো. সিয়াম (১৮)।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কসবা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ আশুগঞ্জ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সন্দেহভাজন মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে থাকা দুটি কালো ব্যাগের ভেতর থেকে অভিনব কায়দায় রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কসবা সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।