নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা: আসামি রংপুরে গ্রেফতার
প্রতিকি ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে আবু বকর সিদ্দিককে (৩৫) পিটিয়ে হত্যার মামলায় মো. রাহাত (২২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর হাজিরহাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত সিদ্দিক উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের মৃত হাজি আমিন উল্লাহর ছেলে। গ্রেফতার রাহাত একই এলাকার মো. সোলোমানের ছেলে এবং মামলার প্রধান আসামি ইয়াসিন আরাফাত সুজনের শ্যালক।
র্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর শুক্রবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সিদ্দিক ও তার চাচাতো ভাই সুজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ২১ এপ্রিল দিবাগত রাতে সিদ্দিক নিজ ঘরের সিঁড়িতে বসে থাকাকালে সুজন ও রাহাতসহ ৪-৫ জন তাকে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি পুকুরপাড়ে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়
গত ২৫ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সুজন ঘটনার পরপরই বিদেশে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।