নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ কানাডার দায়িত্বে

নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ কানাডার দায়িত্বে

ছবি: সংগৃহীত

কানাডার ক্রিকেটে চলছে অস্থির সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের একটি ম্যাচকে ঘিরে আইসিসির এন্টি-করাপশন ইউনিট তদন্ত শুরু করেছে। এরই মাঝে নতুন প্রধান কোচ নিয়োগ দিলো তারা।

নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ মন্টি দেশাই কানাডার পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। তবে কতদিনের মেয়াদে তিনি কোচ হচ্ছেন, তা প্রকাশ করা হয়নি।

ক্রিকেট কানাডার প্রেসিডেন্ট অরবিন্দর খোসা বলেছেন, ‘আমাদের প্রধান অগ্রাধিকার হলো পারফরম্যান্স, পেশাদারিত্ব এবং একটি নতুন ও প্রাণবন্ত লক্ষ্যের মাধ্যমে ক্রিকেট কানাডার গৌরব পুনরুদ্ধার করা। মন্টি দেশাইকে নিয়োগ দেওয়া আমাদের সেই লক্ষ্যের প্রতিফলন। সহযোগী দেশগুলোর সাথে, বিশেষ করে নেপাল ও আফগানিস্তানের সাথে তার কাজের অভিজ্ঞতা প্রমাণ করে যে, কার্যকর নেতৃত্ব, শৃঙ্খলা এবং একটি স্পষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে তিনি দলগুলোকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।’

তিনি বলে গেলেন, ‘আমাদের সাম্প্রতিক আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ওপর ভিত্তি করে বলা যায়, এই বছরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা আত্মবিশ্বাসী যে তার নেতৃত্বে দলটি উল্লেখযোগ্য উন্নতি করবে।’

কানাডা আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাদের বিশ্বকাপের গ্রুপ ম্যাচের সবগুলো হেরে যায়। তারপর তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। ক্রিকেট কানাডা বলেছে যে, ‘উদীয়মান ক্রিকেট দেশগুলোর মধ্যে বিশ্বাস, কাঠামো এবং প্রতিযোগিতামূলক শৃঙ্খলা তৈরির জন্য ব্যাপকভাবে সমাদৃত’ দেশাই এই চ্যালেঞ্জিং সময়েই দলের দায়িত্ব গ্রহণ করছেন।

২০১৯ সালে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-তে প্রধান কোচ হিসেবে কানাডার ডাগআউটে থাকার অভিজ্ঞতা হয়েছিল দেশাইয়ের। তিনি বলেন, ‘এই দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত এবং তাদের আস্থার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ।’ এছাড়া আইপিএলে ও রঞ্জি ট্রফিতে ভারতের বিভিন্ন ক্লাব ও দলের কোচিংয়ে ভূমিকা রেখেছেন তিনি।