বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
বগুড়ার শাজাহানপুরে স্যান্ডেলের সোলের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারকালে ফরিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার সকালে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফরিদুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা।
ডিএনসি বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে শাজাহানপুরের জামালপুর এলাকায় অভিযান চালানো হয়।
সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী একটি বাসে তল্লাশি চালানোর সময় যাত্রী ফরিদুলের ওপর সন্দেহ হয় ডিএনসিসি সদস্যদের। পরে তার দুই পায়ের স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, ফরিদুল কক্সবাজার থেকে এই মাদকগুলো নিয়ে বগুড়ায় আসছিলেন। উদ্ধার করা ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য পৌণে ৪ লাখ টাকা।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে। তিনি বলেন, এই মাদক চালানের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।