দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, শনিবার (২ মে) রাতে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
২৭ বছর বয়সী লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি নামের আরেক তরুণী। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে অনুসন্ধান শুরু হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাংকল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লিমনের মরদেহে কোনো কাপড় ছিল না এবং মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে একই এলাকার কাছে ম্যানগ্রোভ অঞ্চল থেকে আরো কিছু খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরে নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত করা হয়।
এ ঘটনায় হিশাম আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম-ডিগ্রির দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, তার কাছ থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।