নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রতিকি ছবি
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ৫০০ টাকার প্রলোভনে ১১ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় দুপুরের দিকে প্রতিবন্ধী শিশুটি ঘোরাঘুরি করছিল। বৃষ্টি শুরু হলে আলামুন্সির মোড়ে ফার্নিচার দোকানের মালিক আকতার খান শিশুকে তার দোকানে ডেকে নিয়ে যান। পরে তাকে দোকানের ভেতর নিয়ে ৫০০ টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করে। স্থানীয়রা জানতে পারলে ঘটনা ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছেন।
ভুক্তভোগী ওই শিশুর বাবা বলেন, আমি দিনমজুর। গুচ্ছ গ্রামে বসবাস করি। আমার প্রতিবন্ধী মেয়েকে যে ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, যে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।