জার্মানিতে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ২
সংগৃহীত
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে জনতার ওপর দ্রুতগতির একটি গাড়ি উঠে যাওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
লিপজিগের মেয়র বুর্খার্ড জুং বলেন, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ৩৩ বছর বয়সী জার্মান নাগরিক। তবে হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানায়, একটি গাড়ি অগাস্টুসপ্লাৎজ এলাকা থেকে গ্রিমাইশে স্ট্রাসে সড়কে ঢুকে কয়েকজন পথচারীকে চাপা দিয়ে সামনে এগিয়ে যায়। পরে গাড়িটি থামানো হয়।
লিপজিগের ফায়ার সার্ভিসের প্রধান অ্যাক্সেল শুহ জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্যাক্সনি অঙ্গরাজ্যের প্রধান মিখায়েল ক্রেটশমার বলেন, সন্দেহভাজন ব্যক্তির মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে।
লাইপজিগ পুলিশের মুখপাত্র সুসানে লুবকে জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে। তিনি বলেন, “আমরা এটিকে একক ব্যক্তির সহিংস তাণ্ডব হিসেবে বিবেচনা করছি। বর্তমানে জননিরাপত্তার জন্য আর কোনো হুমকির ইঙ্গিত নেই।’
প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, নিহত দুজনই জার্মান নাগরিক। তাদের মধ্যে ৬৩ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সী এক পুরুষ। সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার সঙ্গে ধর্মীয় বা রাজনৈতিক কোনো উদ্দেশ্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতির একটি গাড়ি হঠাৎ জনতার মধ্যে ঢুকে পড়ে। আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে চালককে আটক করে।
সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে এ ধরনের গাড়ি হামলার ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বরে মাগডেবুর্গে বাজারে হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে মিউনিখে একই ধরনের ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।