সুপ্রিম কোর্টে দ্বিতীয় শিফটে ডাকঘর সেবা চালু
সংগৃহীত
সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি দ্বিতীয় শিফটে ডাকঘর সেবা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এটি উদ্বোধন করেন।
আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পোস্ট অফিসটি দুপুর ২টা পর্যন্ত ডাক সেবা দিতে পারত। দ্বিতীয় শিফটের ডাক সেবা প্রদানের মাধ্যমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের চিঠিপত্রসহ অন্যান্য ডাকসেবা গ্রহণকারীদেরকে রাত সাড়ে আটটা পর্যন্ত ডাক সেবা দিতে পারবে। এই ডাকসেবা প্রদানের মাধ্যমে বিশেষত: ফৌজদারি মামলায় উচ্চ আদালতে কোন বিচার প্রার্থী জামিন পেলে উক্ত জামিনের আদেশ অতি দ্রুত সংশ্লিষ্ট আদালতে পাঠানো সম্ভব হবে। এছাড়াও দেওয়ানি ও রিট মামলার নোটিশগুলো অতি দ্রুত সংশ্লিষ্ট পক্ষদের কাছে পাঠানো সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সার্কেল ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মৌসুমী রহমান, এডিশনাল পোস্টমাস্টার জেনারেল ওমর ফারুক, ঢাকা নগরী উত্তর বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সঞ্জিত চন্দ্র পন্ডিত এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আপিল বিভাগের এডভোকেট-অন-রেকর্ড এস এম আরিফ মন্ডল।
উল্লেখ্য, এস এম আরিফ মন্ডল জনসাধারণের দ্রুত ডাক সেবা গ্রহণের সুবিধার্থে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের চিঠিপত্রাদি প্রেরণ, সর্বোপরি সরকারি কাজের স্বার্থে অত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিদ্যমান সাব-পোস্ট অফিসের ডাক সেবার পাশাপাশি সান্ধ্যকালীন ডাক সেবা নিশ্চিত করার জন্য ডাক অধিদফতরের মহাপরিচালক বরাবরে আবেদন করেন। উক্ত আবেদন পত্রটি যথাযথভাবে মূল্যায়ন এবং বিবেচনাপূর্ব ডাক অধিদফতরের মহাপরিচালক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নৈশকালীন ডাকঘর/ দ্বিতীয় শিফট চালুকরণে আদেশ প্রদান করেন। দ্বিতীয় শিফটের পোস্ট অফিসের কার্যকালীন সময় দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা গ্রহণ করা যাবে।
ইতোমধ্যে সান্ধ্যকালীন /দ্বিতীয় শিফট পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য তিনটি পদে জনবল নিয়োগ করা হয়েছে।
অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন এস এম আরিফ মন্ডল। বিচার প্রার্থী মানুষের কাছে ডাক সেবা দ্বিতীয় শিফটে পাঠানোর সুযোগ সৃষ্টি হওয়ায় ডাক অধিদফতরের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা।