স্কুল থেকে নাতিকে নিয়ে বাড়ি ফেরা হলো না দাদির, দু’জনরেই মৃত্যু
ফাইল ছবি
বরিশালের উজিরপুরে স্কুল থেকে নাতিকে নিয়ে বাড়ি ফেরা হলো না দাদির। বরিশাল-ঢাকা মসহাসড়কে বাসের ধাক্কায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- পশ্চিম জয়শ্রী গ্রামের বাসিন্দা মৃত কাজি পান্নু মিয়ার স্ত্রী রেকসনা ইয়াসমিন (৬৫) ও তার ছেলে মালয়েশিয়া প্রবাসী রুবেল কাজীর কন্যা আরফা (৭)।
স্থানীয়দের বরাতে ওসি মো. মহসিন হোসেন বলেন, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুল শেষে দাদির সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হয়। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী একটি বাস দাদি ও নাতিকে ধাক্কা দেয়। এতে দুই জনই গুরুতরভাবে আহত হন।
তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর বাসসহ চালক পালিয়েছেন। বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে