রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে হালিম গ্রুপের প্রধান নিহত

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে হালিম গ্রুপের প্রধান নিহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্যাম্পের একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হালিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হালিমের আরও এক সহযোগী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।