ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা: বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

প্রতিকি ছবি

 

পুলিশের ছবি ব্যবহার করে সাইবার প্রতারণা করা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা ডিবি পুলিশ। গতকাল সোমবার রাতে লালপুর থানার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় বিদেশি রিভলবার, গুলি, চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার মো. আরিফ হোসেন (২৭) নাটোর জেলার লালপুর থানার গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া এলাকার আতাউর মালিথার ছেলে।

ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর জানান, চিরিরবন্দর থানার মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড তাজাগুলি (লোডেড অবস্থায়) এবং একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। যেগুলো প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানকালে সহযোগী আসামি বিজয় ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় ও ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি দল নাটোর জেলার লালপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ও পলাতক আসামিরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা করত। তারা বিভিন্ন মোবাইল নম্বরের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। একই চক্রের আরও অজ্ঞাত সদস্য দেশের বিভিন্নস্থানে একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা