পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনায় আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

 

পাবনা শহরের ‘লাকী হোটেল’ নামে একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের নন্দের গলি এলাকার ওই হোটেলের তিনতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে হোটেলটির আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের একটি কক্ষ থেকে ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

​ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা গা ঢাকা দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

​পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডি ও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। হোটেল কর্তৃপক্ষ পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ​নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।