রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার

প্রতিকি ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাতজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বরের উত্তর-পশ্চিম পার্শ্বে টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)।

এ সময় তাদের হেফাজত থেকে একটি প্যাকেটে রক্ষিত পলিথিনে মোড়ানো কালো রঙের হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় রক্ষিত চেতনানাশক হালুয়া ও চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করত।

এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।