শ্রীনগরে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে আহত ২
ফাইল ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ছনবাড়ী-শ্রীনগর বাজার সড়কের এইচ খান টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ছনবাড়ীমুখী দুটি গাড়ির মধ্যে এ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন।
আহতরা হলেন—মো. সুমন (২৮) এবং হাজী মো. সুরুজ মিয়া (৬৫)। তারা উভয়েই শ্রীনগর উপজেলার পূর্ব দেউলভোগ আটপাড়া এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।