বাসায় এনে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

বাসায় এনে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

প্রতিকি ছবি

 

বরিশাল নগরে প্রেমিকাকে বাসায় এনে হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বৃহস্পতিবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮–এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হিমু ঝালকাঠি পৌর শহরের কাটপট্টি এলাকার বাসিন্দা গোলাম মোর্শেদ জিলানী আকনের ছেলে।

তিনি বরিশাল নগরের পশ্চিম বগুড়া রোড এলাকায় অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে রাফি মঞ্জিলের ষষ্ঠ তলার ভাড়াটিয়া ছিলেন।

গত ২৩ এপ্রিল সকালে ওই বাসা থেকে সানজিদা কবির আনিতা (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। হত্যার অভিযোগ ওঠে তাঁর প্রেমিক হিমুর বিরুদ্ধে। নিহত আনিতা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মো. মহসিন কবিরের মেয়ে।

তিনি বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব জানায়, হিমুর সঙ্গে আনিতার প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে আনিতা বোনের বাসায় যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে হিমুর বাসার খাটের ওপর আনিতার মরদেহ দেখতে পান।

এ ঘটনায় আনিতার বোন বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-৮–এর কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামান বলেন, ঘটনার পর হিমু আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে তিনি বিভিন্ন কৌশল নেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উজিরপুরের ইছলাদী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, র‌্যাব গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করেছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে।