পাবনায় ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের একটি ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া মাঠ এলাকার ক্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চৌবাড়িয়া মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক ক্যানেলের কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন।
পরে তারা একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ফোনে তাঁকে মরদেহ পড়ে থাকার খবর দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে থানায় খবর দেন।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মৃত ব্যক্তিকে গত কয়েক দিন ধরে জোড়গাছা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।