ক্লান্তির মাঝেও কাজে মনোযোগ ধরে রাখার উপায়

ক্লান্তির মাঝেও কাজে মনোযোগ ধরে রাখার উপায়

ক্লান্তির মাঝেও কাজে মনোযোগ ধরে রাখার উপায়।। ছবিঃ সংগৃহীত।

অফিসের কাজের চাপ, ডেডলাইন, মিটিং সব মিলিয়ে দিনের একটা সময় এসে মনে হয়, আর পারছি না। চোখে ক্লান্তি, মাথায় ঝিমুনি, তবুও কাজ থেমে থাকে না। এমন মুহূর্তে মনোযোগ ধরে রাখা কঠিন হলেও অসম্ভব নয়। কিছু সহজ অভ্যাস আর সচেতনতায় ক্লান্তির মাঝেও নিজের ফোকাস ধরে রাখা যায়।

ছোট বিরতি নিন, নিজেকে রিচার্জ করুন

টানা কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। তাই প্রতি ৬০–৯০ মিনিট পর ৫–১০ মিনিটের বিরতি নিন। একটু হাঁটাহাঁটি, চোখ বন্ধ করে বসা বা হালকা স্ট্রেচিং, এই ছোট বিরতিগুলোই আপনার এনার্জি ফিরিয়ে আনবে।

পানি পান বাড়ান

শরীরে পানির ঘাটতি হলে ক্লান্তি আরও বাড়ে, মনোযোগ কমে যায়। ডেস্কে সবসময় পানির বোতল রাখুন এবং অল্প অল্প করে বারবার পানি পান করুন। এতে শরীর সতেজ থাকবে, কাজেও মন বসবে।

কাজকে ভাগ করে নিন

একসঙ্গে বড় কাজ করলে চাপ বেশি লাগে। তাই কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। একেকটা কাজ শেষ হলে নিজেকে একটু মানসিক স্বস্তি দিন, এতে ফোকাস বজায় রাখা সহজ হয়।

মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে থাকুন

কাজের সময় ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কথাবার্তা মনোযোগ নষ্ট করে। নির্দিষ্ট সময়ের জন্য এগুলো থেকে দূরে থাকুন। প্রয়োজনে “ডু নট ডিস্টার্ব” মোড ব্যবহার করতে পারেন।

পরিবেশটাকে আরামদায়ক রাখুন

অফিস ডেস্ক পরিষ্কার ও গুছানো থাকলে মনও অনেকটা ফ্রেশ থাকে। সবুজ গাছ, ভালো আলো বা পছন্দের কোনো ছোট জিনিস ডেস্কে রাখুন। এই ছোট পরিবর্তনগুলো আপনার কাজের পরিবেশকে আরও আরামদায়ক করে তুলবে।

হালকা স্বাস্থ্যকর খাবার খান

খুব ভারী খাবার খেলে ঘুম পায়, আবার একেবারে না খেলেও দুর্বল লাগে। তাই ফল, বাদাম, দই বা হালকা স্ন্যাকস রাখুন। যা আপনাকে এনার্জি দেবে কিন্তু অলস করবে না।

ঘুমের গুরুত্ব ভুলবেন না

অনেক সময় দিনের ক্লান্তির মূল কারণ হয় রাতের কম ঘুম। নিয়মিত ৭–৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ভালো ঘুম হলে পরদিন কাজেও মনোযোগ ধরে রাখা সহজ হয়।

ক্লান্তি আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্লান্তির মাঝেও নিজেকে সামলে নেয়ার কৌশলটাই আপনাকে এগিয়ে রাখবে।