লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন করায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলা অনুমোদন করায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাতে চন্দ্রগঞ্জ বাজারে এ আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

নতুন উপজেলা ঘোষণার খবরে স্থানীয়রা আনন্দ মিছিল বের করে একে অপরকে মিষ্টি খাইয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

প্রসঙ্গত, ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী ইউনিয়ন নিয়ে গঠিত এই এলাকা দীর্ঘদিন ধরেই উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিল।