কামরাঙ্গীরচরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি
কামরাঙ্গীরচরে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন তালুকদার (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর কুরার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মী আল আমিন জানান, সন্ধ্যায় সুমন একটি ভবনের সাততলার ছাদে ইন্টারনেট সংযোগের তার টানানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদের ওপরেই অচেতন হয়ে পড়েন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সুমন ভোলা সদর উপজেলার মধ্য চর নোয়াবাদ গ্রামের মো. সাহাব উদ্দিন তালুকদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ঢাকার বিডিআর ১ নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।